টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
ছবি: সংগৃহীত

জাবি প্রতিনিধি: টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। একই ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে জাবিসহ চারটি বিশ্ববিদ্যালয় ৮০১–১০০০ ব্যান্ডে রয়েছে।

এ অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

ঢাবিতে হাদির নাম মুছে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশনের র‍্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে। আগামীতে বিশ্ব র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা ও গবেষণার সম্প্রসারণ এবং মানোন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। গবেষণায় প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

টাইমস হায়ার এডুকেশনের-এর ২০২৭ সালের র‍্যাংকিংয়ে বিশ্বব্যাপী ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্স মূল্যায়নে টিচিং, রিসার্চ এনভায়রনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক—এই ৫টি প্রধান ক্ষেত্র বিবেচনা করা হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে