ঠাকুরগাঁও প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ত্যাগ করায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের পর প্রতিক্রিয়ায় প্রার্থী দেলাওয়ার হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, "এবারের উপনির্বাচনে সাধারণ ভোটাররা সচেতনভাবে তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন। সর্বস্তরের জনগণের ভালোবাসায় বিজয়ী হতে পারলে ঠাকুরগাঁও জেলাকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।"
মনোনয়নপত্র জমাদানকালে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ ১১ দলীয় ঐক্য ও জোটের স্থানীয় শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এ পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময়সীমা নির্ধারিত রয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উক্ত আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্যের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামিও মনোনয়নপত্র তুলেছেন।
উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। পরবর্তীতে আসনটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন উপনির্বাচনের সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের এবং ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। পরবর্তীতে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী থানা এলাকা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন ব্যাপক রাজনৈতিক উৎসব ও তৎপরতা বিরাজ করছে।
—জা. অর্থনীতি/এলএটি