মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা উল্টো পথের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ ও তার ১০ মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সনিয়া আক্তার (২৬) ও তার ১০ মাস বয়সী কন্যাসন্তান জান্নাত। সনিয়া শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে এবং মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী এবং দৌলতপুর উপজেলার খলসী গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্বামী আবুল হোসেন জানান, সাত দিনের ছুটি শেষে স্ত্রী সনিয়ার স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ায় সকালে টাঙ্গাইলের কর্মস্থলে ফিরছিলেন তারা। মোটরসাইকেলে চড়ে টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আইল্যান্ডের উত্তর পাশ থেকে সড়ক আইন অমান্য করে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা 'গোল্ডেন লাইন পরিবহন'-এর একটি বাস সোজা এসে তাদের ধাক্কা দেয়। বাসের হঠাৎ মুখোমুখি আগমনে ভয় পেয়ে সনিয়া কোলে শিশুসন্তানকে নিয়ে সড়কে আছড়ে পড়েন। বাসের সুনির্দিষ্ট আঘাতেই মা ও শিশুকন্যা দুজনেই মারাত্মক আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত মা ও শিশুকে দ্রুত উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাম্মি জানান, গৃহবধূ সনিয়াকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। অন্যদিকে ১০ মাসের শিশু জান্নাতকে চিকিৎসকেরা বাঁচানোর প্রাণপণ চেষ্টা করলেও চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগেই তার মৃত্যু ঘটে।
ওসি জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-২০০১) উথলী এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন এবং জড়িত ড্রাইভারকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
—জা. অর্থনীতি/এলএটি