সামরিক মহড়ার সময় সাগরে ভেসে গিয়ে কাজাখস্তানের ৯ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: কাস্পিয়ান সাগরে সামরিক মহড়ার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে পানিতে ভেসে গেছেন কাজাখস্তানের ১৯ সেনাসদস্য। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জীবিত উদ্ধার করা হয়েছে আরও তিনজনকে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্টাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের অংশ হিসেবে সামরিক মহড়া চলছিল। এ সময় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। প্রবল বাতাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। একপর্যায়ে ১৯ সেনাসদস্য সাগরে ভেসে যান।

ঘটনার পরপরই উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করা হয়। উদ্ধারকারী দল তিন সেনাসদস্যকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে নিখোঁজদের মধ্যে ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অন্য নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান চলছে।

ঘটনার কারণ অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা সমন্বয়ের জন্য প্রতিরক্ষামন্ত্রী ড্যারেন কোসানভোর নেতৃত্বে একটি বিশেষ কমিশন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার অভিযান এবং নিখোঁজ সেনাসদস্যদের বিষয়ে যাচাই করা তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

কাস্পিয়ান সাগর অঞ্চলে সামুদ্রিক ও অন্যান্য সামরিক অভিযানের সক্ষমতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে কাজাখস্তানের সশস্ত্র বাহিনী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ওই প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। তবে হঠাৎ আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় তা ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়।

জা.অর্থনীতি/এসআই