আন্তর্জাতিক ডেস্ক: ক্যানভাস কিংবা ডিজিটাল পর্দায় নয়, বিশাল নীল আকাশকেই ক্যানভাস বানিয়ে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম ‘মোনালিসা’ ফুটিয়ে তুলেছেন এক মার্কিন পাইলট। ছোট একটি উড়োজাহাজ নিয়ে প্রায় চার ঘণ্টা ধরে পরিকল্পিত পথে উড়ে তিনি আকাশে এঁকেছেন এই কালজয়ী শিল্পকর্মের অবয়ব।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ও আরকানসাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী আকাশসীমায় এ ব্যতিক্রমী ‘আকাশচিত্র’ তৈরি করা হয়। এ জন্য ব্যবহার করা হয় ‘সেসনা আর-১৮২ স্কাইলেন আরজি’ মডেলের একটি ব্যক্তিগত উড়োজাহাজ।
পুরো উড্ডয়নপথটি শুরু হয় আরকানসাসের বেনটনভিল বিমানবন্দর থেকে। উড়োজাহাজটির গতিপথ ট্র্যাকিং করে তা নির্দিষ্টভাবে এমনভাবে সাজানো হয়, যাতে ওপর থেকে দেখলে সেটি ‘মোনালিসা’র মুখাবয়বের মতো দেখা যায়। এয়ারনাভ রাডারের ত্রিমাত্রিক ভিজ্যুয়ালাইজেশনে পরে স্পষ্ট হয়ে ওঠে সেই অভিনব নকশা।
এই ব্যতিক্রমী আকাশচিত্রের নেপথ্যে রয়েছেন পেশায় পাইলট ও শিল্পী বেঞ্জামিন ম্যাকড্যানিয়েল। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্যকে কাজে লাগিয়ে আকাশে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা তার নিয়মিত কাজ। তৈরি করা এসব নকশা তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রকাশ করেন।
‘মোনালিসা’ তৈরির এই উড্ডয়নপথ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দ্রুত নজর কাড়ে। ফ্লাইটের গতিপথকে শিল্পের মাধ্যম হিসেবে ব্যবহার করে এমন নিখুঁত একটি চিত্র ফুটিয়ে তোলার বিষয়টি নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বিমান চালনা ও ডিজিটাল শিল্পের এই অভিনব সমন্বয় দেখিয়ে দিয়েছে, সৃজনশীলতার জন্য প্রচলিত ক্যানভাসের বাইরেও নতুন মাধ্যম খুঁজে নেওয়া সম্ভব।
জা.অর্থনীতি/এসআই