বিনোদন ডেস্ক: আজ ১৯ সেপ্টেম্বর। ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি চলচ্চিত্রে এসে সালমান শাহ নামে পরিচিতি পান।
অল্প বয়সে চলচ্চিত্রে পা রেখে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন তিনি। তিন দশক পেরিয়ে গেলেও তার জনপ্রিয়তা ও প্রভাব এখনো অমলিন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকেসালমান শাহ কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমান শাহর। প্রথম সিনেমাতেই অভিনয় ও পর্দায় উপস্থিতি দিয়ে দর্শকের ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।
শুধু অভিনয় নয়, সালমান শাহর পোশাক, চুলের স্টাইল, কথা বলার ধরন ও ব্যক্তিত্বও তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে উঠেছিল। ফলে তিনি কেবল চলচ্চিত্রের একজন তারকা ছিলেন না, বরং একটি প্রজন্মের আবেগ ও স্বপ্নের অংশে পরিণত হন।
তবে তার এই স্বপ্নযাত্রার অবসান ঘটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় অভিনেতা। তার অকালমৃত্যু বাংলা চলচ্চিত্রে গভীর শূন্যতা তৈরি করে।
সময়ের সঙ্গে চলচ্চিত্রে পরিবর্তন এলেও সালমান শাহর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তার অভিনীত সিনেমা, গান ও বিভিন্ন দৃশ্য এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের আগ্রহ তৈরি করে। জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে ভক্তদের স্মৃতিচারণে উঠে আসে প্রিয় নায়কের নানা স্মৃতি।
সালমান শাহ আজ নেই, তবে তার অভিনয় ও ব্যক্তিত্বের প্রভাব এখনো দর্শকের হৃদয়ে জীবন্ত। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি চিরতরুণ এক নায়ক হিসেবেই স্মরণীয় হয়ে আছেন।
জা.অর্থনীতি/এসআই