চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ ও দেহ তল্লাশি করে বিশেষ কৌশলে আনা ৫৩১ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত এ স্বর্ণের বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৫৫৫ টাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম বিমানবন্দর শাখা এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার যৌথ অভিযানে এসব স্বর্ণ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার ওমানের মাসকাট থেকে আসা 'সালামএয়ার'-এর একটি ফ্লাইটে (ওভি-৪০১) চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ। তিনি কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি চৌকিতে তার চলাচল সন্দেহজনক মনে হলে ব্যাগেজ ও দেহ তল্লাশি চালান কর্মকর্তা-কর্মচারীরা।
তল্লাশির একপর্যায়ে উক্ত যাত্রীর ব্যাগেজের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় পেস্টসদৃশ বিশেষ স্বর্ণ। পরে অভিজ্ঞ স্বর্ণকারের মাধ্যমে ল্যাব প্রক্রিয়াজাত করে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেট খাঁটি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। একই সময় তার পরিহিত প্যান্টের পকেটে থাকা বিশেষ চেম্বার থেকে ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের প্রস্তুতকৃত স্বর্ণালংকার পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভি আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বর্ণ চোরচালানের এ ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনার নেপথ্যে কোনো আন্তর্জাতিক অপরাধী কিংবা বিমানবন্দরভিত্তিক চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিবিড় অনুসন্ধান অব্যাহত রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি