মেহেরপুর প্রতিনিধি: দেশত্যাগে নিষেধাজ্ঞা অমান্য করে ভারতে যাওয়ার পথে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. খালেক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সমন্বিত ইমিগ্রেশন চেকপোস্ট অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম. এ. খালেক বৈধ মেডিকেল ভিসা ব্যবহার করে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। তবে মেহেরপুর সদর ও গাংনী থানায় তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন থাকা এবং পুলিশের বিশেষ নজরদারির তালিকায় নাম থাকায় ইমিগ্রেশন পারাপারের সময় তিনি বাধার মুখে পড়েন। পরে পাসপোর্টের তথ্য যাচাই-বাছাই শেষে তাকে সরাসরি ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটকে রাখা সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে ইতোমধ্যে মেহেরপুর জেলা পুলিশের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলা পুলিশের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, নাশকতার একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে এম. এ. খালেককে দর্শনা থেকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে দ্রুত বিচার আদালতে সোপর্দ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি