নিখোঁজ স্ত্রীকে প্রেমিকের সঙ্গে পেয়ে তার হাতেই তুলে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের এক বছর না পেরোতেই স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের লখনউয়ের এক তরুণী। স্ত্রীকে ফেরাতে পরিবারের সদস্য ও পুলিশ চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছাকে মেনে নিয়ে তাকে প্রেমিকের হাতে তুলে দেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত তার স্বামী ভিকি। পরে মন্দিরে প্রেমিককে বিয়ে করেন ওই তরুণী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লখনউয়ের বাসিন্দা ভিকির সঙ্গে প্রায় এক বছর আগে সোনালির বিয়ে হয়। তবে বিয়ের পরও শৈশবের প্রেমিকের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন সোনালি। তারা নিয়মিত ফোনে কথা বলতেন বলেও জানা গেছে। গত ৫ সেপ্টেম্বর হঠাৎ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন ভিকি।

অভিযোগের পর পুলিশ সোনালিকে উদ্ধারে তল্লাশি শুরু করে। অবশেষে হরদোই এলাকায় তার সন্ধান পাওয়া যায়। বুধবার পুলিশ সোনালিকে তার প্রেমিকের সঙ্গে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা বলা হয়। পুলিশ ও পরিবারের লোকজন সোনালিকে স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেন।

তবে সোনালি স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর স্বামীর সঙ্গে সংসার করতে চান না। প্রেমিকের সঙ্গেই থাকতে চান তিনি। স্ত্রীর সিদ্ধান্ত শুনে প্রথমে হতবাক হলেও পরে ভিকি তার ইচ্ছাকে সম্মান জানান।

ভিকি বলেন, ‘যে তোমাকে খুশি রাখবে, তার সঙ্গেই থাকো।’ এরপর উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে সোনালি ও তার প্রেমিক স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি মেনে বিয়ে করেন। সেই বিয়ের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘রমেশঅফিসিয়াল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশের পর নেটাগরিকদের একাংশ ভিকির সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

জা.অর্থনীতি/এসআই