আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক অভিযানকে ‘খামখেয়ালি’ ও পরিকল্পনাহীন যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর মার্ক ওয়ার্নার। তাঁর দাবি, এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতোমধ্যে ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে। একই সঙ্গে প্রতি দুই মিনিটে যুদ্ধের ব্যয়ের সঙ্গে আরও ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার যোগ হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওয়ার্নার এসব কথা বলেন। মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির শীর্ষস্থানীয় এই সদস্য বলেন, যুদ্ধের পেছনে বিপুল অর্থ ব্যয় হলেও ট্রাম্প যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন, সেগুলোর একটিও এখন পর্যন্ত অর্জিত হয়নি।
ওয়ার্নার সতর্ক করে বলেন, ভিডিওটি প্রকাশের এক ঘণ্টা পর কেউ দেখলে দেখতে পাবেন, এর মধ্যেই যুদ্ধের ব্যয় আরও প্রায় ৩০ মিলিয়ন বা ৩ কোটি ডলার বেড়ে গেছে। এত বিপুল অর্থ ব্যয়ের বিনিময়ে মার্কিন জনগণ কী অর্জন করছে-এ প্রশ্নও তোলেন তিনি।
ট্রাম্প প্রশাসনের যুদ্ধকৌশলের সমালোচনা করে ওয়ার্নার বলেন, কোনো সুস্পষ্ট পরিকল্পনা, কার্যকর কৌশল, মিত্রদের সমর্থন কিংবা যুদ্ধ থেকে বেরিয়ে আসার নির্দিষ্ট পথ ছাড়া সামরিক সংঘাতে জড়ালে এমন পরিণতিই হয়।
তিনি আরও বলেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ছিল না। তাই যুদ্ধের বিরুদ্ধে মার্কিন জনগণকে সোচ্চার হওয়ার এবং এর অবসানে চাপ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।
সূত্র: আল জাজিরা
জা.অর্থনীতি/এসআই