নেপালে এবার ১০ দিন পর জীবিত উদ্ধার ৬৪ বছরের নারী

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে আটকে পড়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে চন্দিকা কুমারী শ্রেষ্ঠাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনীর নয় সদস্যের একটি দল।

উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নেপালি সেনাবাহিনীর ত্রিশুলিতে অবস্থিত মৈথিলী ব্যারাকে নেওয়া হয়।

এর আগে একই দিন নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেল থেকে লুহাইতাও নামে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। প্রায় ২২৫ মিটার (৭৩৮ ফুট) গভীরে আটকে থাকা ওই ব্যক্তিকে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

আপার ত্রিশুলি-১ প্রকল্পে আরও কয়েকজন আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এর আগে শুক্রবার ত্রিশুলি-৩ জলবিদ্যুৎ প্রকল্প থেকেও দুজনকে জীবিত উদ্ধার করা হয়।

গত ২৬ আগস্ট প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় লাংটাং লিরুং পর্বতে হিমবাহ ধসে ভয়াবহ ধ্বংসাবশেষের স্রোত সৃষ্টি হয়। এতে নেপালের রাসুয়া, নোয়াকোট, ধাদিং ও কাভ্রেসহ কাঠমান্ডু উপত্যকার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়। একই দুর্যোগে চীনের শিজাং অঞ্চলের গিরং সীমান্ত ক্রসিংও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসাবে, শনিবার পর্যন্ত বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৫ জনে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৫৩১ জন।

জা.অর্থনীতি/এসআই