আন্তর্জাতিক ডেস্ক: টানা ভারী বৃষ্টির কারণে ভারতের সিকিমের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে পাহাড় থেকে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাদামাটির প্রবল স্রোতে বাড়িঘর, সরকারি কোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভূমিধসে রিম্বি গ্রামের সাতটি বাড়ি এবং বিদ্যুৎ বিভাগের ছয়টি কোয়ার্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেশ কিছু সম্পত্তি ভেসে গেছে। ভূমিধসের পর কাদা ও ধ্বংসাবশেষ গ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাছের গুঁড়ি, ডালপালা ও বাড়ির টিন কাদামাটির স্রোতে ভেসে যেতে দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। এ পর্যন্ত ১২৮ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিধসের কারণে রিম্বি-খেচুপেরি সড়কে বিপুল পরিমাণ কাদা ও পাথর জমে যান চলাচল বন্ধ রয়েছে। টানা বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ও সড়ক মেরামতের কাজও ব্যাহত হচ্ছে।
সিকিমের আরও কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির প্রভাবে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংটাম ও গ্যাংটকের মধ্যেও যোগাযোগ ব্যাহত হয়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে ভূমিধসের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
জা.অর্থনীতি/এসআই