অভয়নগরে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। নিহত আছিরন বিবি সম্পর্কে আমজেদ গাজীর ফুফু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে যশোরগামী 'গড়াই পরিবহন'-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) বিপরীতমুখী মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের সামনের অংশের নিচে আটকে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারীরা বাসটি ফেলে পালিয়ে যান।

পরে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান, আমজেদ গাজীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত নারী আছিরন বিবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এসআই জানান, "খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গড়াই পরিবহনের বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পলাতক বাসচালক ও হেলপারকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন এবং বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।"  

—জা. অর্থনীতি/এলএটি