‘দেশের সকল হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে’
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, দালালদের চিহ্নিত করে গ্রেফতার করতে র‍্যাব, ডিজিএফআই ও এসবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় তার সঙ্গে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা, চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান নিয়ে সরকার নিবিড় তদারকি করছে। গত এক মাসে দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শনের তথ্য তুলে ধরে তিনি জানান, অধিকাংশ হাসপাতালেই চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক পাওয়া গেছে।

হাম প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, ভৌগোলিক জটিলতা বা তথ্যের ঘাটতির কারণে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে মপ-আপ ক্যাম্পেইন চলছে। চলতি মাসের শেষদিকে আবারও বড় পরিসরে টিকাদান শুরু হবে এবং সিলেটের হাওরাঞ্চলসহ দুর্গম এলাকায় এ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

অবৈধ ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলা পর্যায়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন লেবার রুম, ভুয়া ডাক্তার ও টেকনিশিয়ানচালিত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর মাত্র ছয় মাস অতিবাহিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্য খাতের সমস্যা দূর করতে আরও কিছুটা সময় প্রত্যাশা করেন তিনি।

পরিদর্শন শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতাজনিত সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

পরিদর্শনকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ও সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি