শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন
ছবি: জাতীয় অর্থনীতি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের চাঞ্চল্যকর শিশু রিয়ামনি (৮) ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। অনাদায়ে আসামিকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম সুজন মিয়া (৩৮)। সে লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।

আদালত ও মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৩১ মে বিকেলে আট বছর বয়সী শিশু রিয়ামনি তার মায়ের সাথে লালমনিরহাট আদালত পাড়ায় গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। সে সময় তাদের দূরসম্পর্কের আত্মীয় সুজন মিয়া আদালত চত্বর ঘুরে দেখার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে আদালতের পেছনের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সে। পরবর্তীতে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ফিরে এলে পুরো আদালত চত্বরে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় সুজন মিয়াকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে আদালত এ রায় দেন। জরিমানার ৫০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, "ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও নজিরবিহীন ছিল। খোদ আদালত চত্বরের মতো সুরক্ষিত স্থান থেকে শিশুটিকে তুলে নিয়ে এমন নির্মম নির্যাতন চালানো হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে কঠোর শাস্তি প্রদান করায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"

—জা. অর্থনীতি/এলএটি