রাজধানীতে গোলাগুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

গুলিবিদ্ধরা হলেন—আশা আক্তার (২০), সিয়াম (১৮) ও আলমগীর (৩৩)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গোলাগুলির ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। আহত সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।

আহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় আশা আক্তার ও সিয়াম পথচারী হিসেবে মুন্সিরটেক এলাকায় ছিলেন। আর আলমগীর স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। হঠাৎ গোলাগুলির ঘটনায় তারা আহত হন।

আহতদের দাবি, তারা কোনো ধরনের সহিংসতা বা সংঘর্ষের সঙ্গে জড়িত ছিলেন না।

গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, গোলাগুলির ঘটনাটি সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে জানানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

ঘটনার প্রকৃত কারণ ও কারা গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

—জা. অর্থনীতি/এএইচএ