যশোর প্রতিনিধি: যশোরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ (এমপি) ১১৩ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে এবং এ ঘটনায় রাজিবুল ইসলাম রাজীব নামে সাবেক এক কমিশনারকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ভোরে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রঞ্জিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী।
মামলার এজাহারে বলা হয়, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজী পাড়া কাতালতলা এলাকায় বিদ্যুৎ ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে অবৈধ মিছিল বের করে নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি 'জাতীয় শোক দিবস' লেখা ব্যানার ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
—জা. অর্থনীতি/এলএটি