কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। কটিয়াদী থানার ওসি মো. রফিকুল ইসলাম দৈনিক জাতীয় অর্থনীতিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৩০ আগস্ট) বিকাল ২:৩০ মিনিটের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রাবেয়া (৪৫), মিলন মিয়া (৩৭) ও জারা মনি (৭)। তাদের মধ্যে মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেরার পথে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এসময় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মিলন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাবেয়া ও জারা মনিকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি