খ্রিস্টান যুবকের ব্যতিক্রমী উদ্যোগে মুসলিম প্রতিবেশীর ওমরাহর স্বপ্ন পূরণ
ছবি: সংগৃহীত

মিসরের এক খ্রিস্টান যুবক মিনা কুরআনবিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনামূল্যে ওমরাহ পালনের পুরস্কার জিতেছেন। তবে চমকপ্রদ বিষয় হলো, তিনি নিজের জন্য নয়, দীর্ঘদিনের মুসলিম প্রতিবেশী উম আলীর ওমরাহ পালনের স্বপ্ন পূরণ করতেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

মিসরীয় ইসলামি আলোচক ড. আইমান আবু ওমরের পরিচালিত এক সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভ অনুষ্ঠান থেকে মিনা জানতে পারেন, তার প্রতিবেশী উম আলী বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পেতে একটি কুরআনবিষয়ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিষয়টি জানার পরপরই তিনি প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়তা করার সিদ্ধান্ত নেন।

মিনা বলেন, আমি খ্রিস্টান। কিন্তু আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম আমার প্রতিবেশীকে ওমরাহর পুরস্কারটি পেতে সহায়তা করার জন্য।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়টি তিনি শুরুতেই উম আলীকে জানিয়ে দেন এবং বলেন, উম আলী নিজে পুরস্কার জিততে না পারলেও তিনি তার হয়ে জেতার চেষ্টা করবেন।

পুরস্কার জেতার জন্য মিনা প্রতিযোগিতায় ৫০ থেকে ৬০ বারেরও বেশি সঠিক উত্তর জমা দেন। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা সফল হয় এবং তিনি বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ জিতে নেন।

পুরস্কার জেতার পর মিনা তা তার মুসলিম প্রতিবেশী উম আলীকে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। খবরটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন উম আলী।

উম আলী জানান, ওমরাহ পালন তার দীর্ঘদিনের স্বপ্ন। শারীরিকভাবে ভ্রমণ ও স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করার সক্ষমতা থাকা অবস্থায় এই পবিত্র সফরে যাওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে দোয়া করে আসছিলেন।

মিনা বলেন, সুখবরটি দেওয়ার পর আমি তাকে চোখের পানি মুছতে দেখি। আমি জানতাম না, ওমরাহ এতটা আনন্দের কারণ হতে পারে।

জানা গেছে, দুই দশকেরও বেশি সময় ধরে পাশাপাশি বসবাস করছে এই দুই পরিবার। দীর্ঘদিনের প্রতিবেশীসুলভ সম্পর্ক ধীরে ধীরে রূপ নিয়েছে পারিবারিক ঘনিষ্ঠতায়। খ্রিস্টান হলেও মিনা উম আলীকে নিজের বড় বোনের মতো মনে করেন, আর উম আলীর মা-বাবার প্রতিও তিনি পরিবারের সদস্যদের মতোই সম্মান ও ভালোবাসা প্রদর্শন করেন।

ঘটনাটি মিসরের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মুসলিম প্রতিবেশীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মিনার এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। তাদের মতে, ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও প্রতিবেশীদের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ মিনা ও উম আলীর এই ঘটনা।

সূত্র: গালফ নিউজ

জা. অর্থনীতি