ওসমানীনগরে ফের সড়কে নিভল ৪ প্রাণ
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট অফিস: সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাক (ট্যাংকলরি) মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন ৩ জন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) সিএনজিচালিত অটোরিকশাকে (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একাধিক যাত্রী গুরুতর আহত হন।

জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। নিহতদের মধ্যে একই পরিবারের দুই শিশুসহ তিনজন এবং সিএনজি অটোরিকশাচালক রয়েছেন।  

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, হতাহতদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে, ৭ অগাস্ট সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছিল।

—জা.অর্থনীতি/আইবিএম