শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে বিক্ষোভ
ছবি: জাতীয় অর্থনীতি

যশোর প্রতিনিধি: যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনা ও মারধরের অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. আব্দুল মতিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) সকালে এমএম কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন যশোর জেলা ও এমএম কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিন সকালে কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বোর্ড সচিবের অপসারণ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার বিবরণে জানা যায়, রোববার সকালে সনদপত্রে পিতা-মাতার নাম সংশোধনের কাজে যশোর শিক্ষা বোর্ডের সচিব মো. আব্দুল মতিনের কক্ষে যান এমএম কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান সেজান। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, কেবল গলায় হেডফোন ঝোলানো থাকার অজুহাতে সচিব তার সঙ্গে অত্যন্ত অশালীন আচরণ করেন এবং একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারেন। সেজান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সচিবের দ্রুত পদত্যাগ দাবি করেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে শিক্ষার্থীর ওপর এমন শারীরিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে অভিযুক্ত সচিবকে অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তিনি।

বিক্ষোভ কর্মসূচিতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি