বদরগঞ্জে মেলার নামে জুয়া ও রাতভর বিদ্যুৎ অপচয়
ছবি সংগৃহীত

রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বাণিজ্য মেলার নামে প্রকাশ্যে জুয়া খেলা এবং সরকারি নির্দেশনা অমান্য করে রাতভর অতিরিক্ত বিদ্যুৎ অপচয়ের অভিযোগ উঠেছে। উপজেলার খোলাহাটি এলাকায় আয়োজিত এই মেলার কারণে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানাবিধ অপকর্ম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি স্থানীয়দের।

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার পশ্চিমে খোলাহাটি নামক স্থানে স্থানীয় কাঠ ব্যবসায়ী বেলাল মিয়াসহ একটি চক্র বাণিজ্য মেলার আড়ালে লটারি ও জুয়ার প্যান্ডেল বসিয়েছে। সেখানে প্রতিদিন কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। দেশজুড়ে চলা বিদ্যুৎ সংকট ও রাত ৮টার পর দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিন সকাল ১০টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত হাজার হাজার আলোকবাতি, সাউন্ড সিস্টেম ও মাইক ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা জসিম মিয়া, জুয়েল রানা ও রায়হান অভিযোগ করে জানান, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই মেলা চালানো হচ্ছে। সাধারণ মানুষ জুয়ার লোভে পড়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে। অবিলম্বে এই অসাধু চক্রের কার্যক্রম ও জুয়ার মেলা বন্ধ করা না হলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তাঁরা।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আঞ্জুমান সুলতানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংসদ সদস্যের সঙ্গে ব্যস্ত আছেন জানিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন জানান, নির্দিষ্ট সময়ের পর দোকানপাট ও আলোকসজ্জা বন্ধে সব ইউএনওদের কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে। বদরগঞ্জের মেলার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট ইউএনওকে নির্দেশ দিচ্ছেন বলে আশ্বস্ত করেন।

—জা. অর্থনীতি/এলএটি