মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে বিস্ফোরক দ্রব্য মামলা ও একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২২ নম্বর সদস্য মোজাম্মেল শিকদারকে আটক করার পর পুলিশ গভীর রাতে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৫ আগস্ট রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শিবচর উপজেলা বিএনপির এক দায়িত্বশীল নেতার তদবিরের কারণেই পুলিশ তাকে ছেড়ে দেয়।
মোজাম্মেল শিকদার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইব্রাহিম শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোজাম্মেল ২০২৫ সালের ১১ মে শিবচর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার ৭৫ নম্বর আসামি। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি পূর্বে দীর্ঘদিন কারাবাস করেন।
আটকের বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “তদন্তের প্রয়োজনে তাকে থানায় ডেকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে সে যদি মামলার আসামি হয়ে থাকে, তবে তাকে আবার গ্রেপ্তার করা হবে।”
এদিকে জেলা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “মোজাম্মেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করে পরে ছেড়ে দিয়েছে। শুনেছি বিএনপির এক নেতা তাকে ছাড়ানোর জন্য তদবির করেছেন।”
চিহ্নিত মামলার আসামি এবং দলীয় পরিচয় থাকার পরও তাকে এভাবে ছেড়ে দেওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক সমালোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি