মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও সংশ্লিষ্ট এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত ২টার দিকে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রেহেনা আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) এবং একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২৬ দিন আগে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। অভিযোগ উঠেছে, ঘটনার পর ইউপি সদস্য আব্দুল মুমিন বিষয়টি ধামাচাপা দেওয়া ও আলামত নষ্টের চেষ্টা করেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের নানা চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে ভুক্তভোগীর পরিবার পুলিশের শরণাপন্ন হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, ভুক্তভোগীর মায়ের মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের রবিবার (১৬ আগস্ট) আদালতে পাঠানো হবে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
এদিকে, একজন জনপ্রতিনিধি কর্তৃক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
—জা. অর্থনীতি/এলএটি