গোপালগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ৭৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতের ৬৪টি পরিবার এবং আহত ১০ ব্যক্তি মোট ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের এসব চেক তুলে দেওয়া হয়।
বিআরটিএ গোপালগঞ্জ সার্কেলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে ৫ লাখ টাকা করে এবং আহতদের আঘাতের গুরত্ব অনুযায়ী ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকার সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়।
সহায়তা পেয়ে আবেগপ্লুত পরিবারের সদস্যরা জানান, স্বজন হারানোর অপূরণীয় ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ সম্ভব নয়; তবে স্বজনহারা ও শারীরিক পঙ্গুত্ববরণকারী পরিবারগুলোর এই কঠিন সময়ে সরকারের এই আর্থিক সহায়তা বড় রকমের স্বস্তি দেবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিন) মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও বিআরটিএ-র সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি