টাকা আত্মসাতের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ছবি: জাতীয় অর্থনীতি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪, সিপিসি-১-এর একটি চৌকস দল।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আ. ওয়াহেদ (৫৫)। তিনি মাদারগঞ্জ থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে সাধারণ গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। ‌

—জা. অর্থনীতি/এলএটি