আলু-পেঁপে ছাড়া একশ টাকার নিচে মিলছে না কোনো সবজি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: ঝিনাইগাতীতে সবজির দাম চড়া! আলু ও পেঁপে ছাড়া একশ টাকা কেজির নিচে মিলছে না প্রায় কোনো সবজিই! সাম্প্রতিক বন্যায় সবজি এলাকা খ্যাত পাহাড়ি উপজেলা ঝিনাইগাতীতে সবজি খেতের ক্ষয়ক্ষতি এবং দেশের অন্যান্য স্থান থেকে পাইকারি কিনে আনা সবজি চড়া দামে কিনে আনার কারণেই সবজি চড়া দামে বিক্রি করতে হচ্ছে বলে ব্যবসায়ী আবুল কাশেমসহ অন্যরা জানান। বিশেষ করে করলার দাম বেড়েছে বেশি। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

ক্রেতা দুদু মন্ডল জানান, কদিন বৃষ্টির পর থেকে শাক-সবজির দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে। আলু /পেঁপে ছাড়া একশ টাকার নিচে কোনো সবজিই মিলছে না! তাই সবজি কেনার পরিমাণ কমিয়ে দিতে হয়েছে। আগে যেখানে ২/১ কেজি করে কিনতাম। এখন কিনতে হচ্ছে আধাকেজি করে। সবজির দাম না কমলে ভীষণ অসুবিধায় পড়তে হবে। কাউকে দোষারোপ করে তো লাভ নেই! বৃষ্টি ও ভারি বর্ষণে সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সবজির ক্ষতি হয়েছে বেশি। সবজি খেত থেকে সংগ্রহ ও সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে বেড়ে গেছে সবজির বাজারমূল্য। বিপাকে পড়েছি আমরা সাধারণ ক্রেতাগণ।

সবজি চাষি গোমড়া গ্রামের আনোয়ার হোসেন, সন্ধ্যাকুড়া গ্রামের আব্দুল কাদির ও সারিকালিনগর গ্রামের কামাল হোসেন (কালু), মিষ্টার আলী, খোরশেদ আলম (খুদু), রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, আতাউর রহমান প্রমুখ জাতীয় অর্থনীতিকে জানান, বৃষ্টির কারণে সবজির ক্ষতি হয়েছে। তাই বাড়তি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।

—জা.অর্থনীতি/আইবিএম