অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা ডিএনসিসির
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মধ্য বাড্ডায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের মৃত্যুর পর ফিটনেসবিহীন যানবাহন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (৩১ জুলাই) নিহত পরিচ্ছন্নকর্মীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেসব যানবাহন ফিটনেসবিহীন অবস্থায় রাস্তায় চলাচল করছে এবং যেসব চালকের বৈধ লাইসেন্স নেই বা অদক্ষ চালক গাড়ি চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে বিআরটিএর সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত নগরবাসীর সেবায় নিয়োজিত থাকেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। 

ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

প্রশাসক আরও জানান, বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানো এবং যানজট সৃষ্টি করা চালকদের সতর্ক হতে হবে। একই সঙ্গে ডিএনসিসির নিজস্ব যানবাহন পরিচালনায় কোনো অদক্ষ চালক বা হেলপার গাড়ি চালালে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে বর্তমানে ডিএনসিসির কোনো গাড়ি অদক্ষ চালক বা হেলপারের মাধ্যমে পরিচালিত হয় না।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং ডিএনসিসি প্রশাসক নিহতের বাসায় যান ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

নিহত শেফালী বেগমের পরিবারের জন্য ডিএনসিসির পক্ষ থেকে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/এএইচএ