চান্দিনায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত
ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: মোটরসাইকেলযোগে ঢাকা থেকে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর যাচ্ছিলেন নববিবাহিত দম্পতি। কিন্তু পথে কুমিল্লার চান্দিনায় এক ঘাতক পিকআপের ধাক্কায় নিমিষেই শেষ হয়ে গেল তাদের নতুন স্বপ্নের সংসার। এই দুর্ঘটনায় স্বামী শান্ত চন্দ্র শীল ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তার স্ত্রী। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর)  জাকির সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  চান্দিনা উপজেলা হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত চন্দ্র শীল (৩২) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কৃষ্ণচন্দ্র শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা  চট্টগ্রামমুখী একটি লরি একইমুখী একটি পিকআপকে  পেছন থেকে ধাক্কা দেয়। ওই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী ছিটকে পড়ে যান। তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বামী শান্তকে মৃত ঘোষণা করেন।

এদিকে  নিহতের গ্রামের বাড়ি  লক্ষ্মীপুরের চৌপল্লীতে খোঁজ নিয়ে জানা যায়- কৃষ্ণ চন্দ্র শীলের তিন সন্তানের মধ্যে নিহত শান্ত শীলই  একমাত্র ছেলে। মাত্র কয়েক মাস আগে বিয়ে হয় তার। সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কৃষ্ণ চন্দ্র শীল।

ইন্সপেক্টর বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি