চুয়েটের পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
নিহত শিক্ষার্থী অর্ণব শাহা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে হল-সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নেমে অর্ণব শাহা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্ণব শাহা বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অর্ণব কয়েকজন বন্ধুর সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে গেলে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টার পর তাকে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর শাহরিয়ার রিমন বলেন, ‘আমরা শহীদ মোহাম্মদ শাহ হলের কক্ষে ছিলাম। হঠাৎ সবার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে পৌঁছে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে হল-সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করতে দেখি।’

উদ্ধারের পর গুরুতর অবস্থায় অর্ণবকে প্রথমে চুয়েট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মেয়াজ্জেম হোসাইন অর্ণবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এখন সে আর বেঁচে নেই।’

নিহত অর্ণব শাহার বাড়ি ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অর্ণব শাহার আকস্মিক মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রাণবন্ত ও মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোক, স্তব্ধতা ও গভীর বেদনার আবহ।

—জা. অর্থনীতি/এএইচএ