ক্ষমতা না চালাতে পারলে দিয়ে দেন আমরা চালাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘যদি ক্ষমতা না চালাতে পারেন তাহলে দিয়ে দেন আমরা চালাই। বাংলাদেশের লক্ষ-কোটি তরুণ প্রজন্ম প্রস্তুত আছে। আপনার সালাহউদ্দিনের চাইতে কৃষকের ছেলে ভালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাতে পারবে।’

সোমবার (২৭ জুলাই) রাতে বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

এর আগে বিকেল ৪টায় তাড়াইল উপজেলা সদরে পদযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন খোলা জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। পরে করিমগঞ্জের মোরগমহলে পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

পদযাত্রায় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ড. আতিক মোজাহিদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পথসভায় সারজিস আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিতের দাবি এখনো পূরণ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি।

তিনি দাবি করেন, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে।

বক্তব্যের একপর্যায়ে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “প্রিয় তারেক রহমান, কিশোরগঞ্জের ফজা পাগলাকে (সংসদ সদস্য ফজলুর রহমান) থামান।” 

তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিপরীতে দেশের বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটছে। জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের দখলদারিত্ব প্রতিষ্ঠার জন্য হয়নি। জনগণ ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক খাইরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুর রহমান বাবুর সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে কেন্দ্রীয় নেতারা আগামী কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থিত নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেন।

—জা. অর্থনীতি/এনজে