ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে সাব্বির মোল্লা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বিলডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির মোল্লা ওই গ্রামের বাসিন্দা কাশেম মোল্লার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে সাব্বির তার দুই বন্ধুকে সাথে নিয়ে বাড়ির অদূরে একটি কাঁঠাল গাছের নিচে আশ্রয় নেয়। এ সময় হঠাৎ ওই গাছের ওপর তীব্র বজ্রপাত হলে 3 জনই মাটিতে ছিটকে পড়ে। বজ্রপাতের আঘাতে সাব্বির মারাত্মকভাবে জখম হলেও তার সাথে থাকা অপর দুই বন্ধু অলৌকিকভাবে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত থাকে।
আহত সাব্বিরকে প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। কিশোরের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে পুরো খলিলপুর বিলডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
—জা. অর্থনীতি/এনজে