পাকুন্দিয়ায় স্কুলে রেইনট্রি গাছে বজ্রপাতের ঘটনায় ৭ শিক্ষার্থী আহত
ছবি: জাতীয় অর্থনীতি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টিফিন বিরতিকালে বিদ্যালয় ভবনের পাশের একটি রেইনট্রি গাছে আকস্মিক বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এ সময় বজ্রপাতের বিকট শব্দ, তীব্র আলোর ঝলকানি ও আতঙ্কে অন্তত সাতজন শিক্ষার্থী অসুস্থ ও আহত হয়েছে। এর মধ্যে তিন ছাত্রী ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো-ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছাইমা, সানজিদা, মীম ও ছাত্র নকিব; সপ্তম শ্রেণির নুসরাত জাহান সেবা ও ফাহিম এবং নবম শ্রেণির ছাত্রী নোভা। এদের মধ্যে প্রচণ্ড ভয়ে ও আতঙ্কে ছাইমা, সানজিদা ও নোভা অচেতন হয়ে পড়ে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টিফিন বিরতি চলাকালে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হয়। একপর্যায়ে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শ্রেণিকক্ষের ঠিক পাশেই থাকা একটি বিশালাকার রেইনট্রি গাছে বিকট শব্দে বজ্রপাত আঘাত হানে। আকস্মিক বিকট শব্দে পুরো বিদ্যালয় চত্বরে প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নবম শ্রেণির শিক্ষার্থী নোভা জানায়, টিফিন বিরতিতে সে ভবনটির দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। হঠাৎ চোখ ধাঁধানো আলোর ঝলকানি ও কানে তালি লাগা বিকট শব্দে সে মাথা ঘুরে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে।

পরবর্তীতে শিক্ষকেরা দ্রুত এগিয়ে এসে অসুস্থ ও আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিদ্যালয় ভবনেই প্রাথমিক চিকিৎসা দেন। শিক্ষার্থীরা কিছুটা সুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শে তাদের অভিভাবকদের হেফাজতে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত রেইনট্রি গাছটির ওপর থেকে নিচ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে ফেটে গেছে এবং ছাল-বাকল খসে পড়েছে। ঘটনার পর স্থানীয় উৎসুক মানুষ গাছটি দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান।

কোদালিয়া সহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের বিকট শব্দ ও আতঙ্কে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। তৎক্ষণাৎ বিদ্যালয়েই তাদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করা হয় এবং পরবর্তীতে পরিবারের জিম্মায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি