আগামীকাল অনুষ্ঠিত হবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রাথমিক শিক্ষায় কৃতী শিক্ষার্থী, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে আগামীকাল বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরাদের এ অনুষ্ঠানে পদক প্রদান করা হবে। এসব প্রতিযোগিতায় দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা পাবেন।

এ ছাড়া অনুষ্ঠানে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ, গৃহীত পদক্ষেপ ও সাফল্য তুলে ধরা হবে। বিভিন্ন জেলার স্টলে স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা এবং ফাউন্ডেশনাল লার্নিং (এফএলএন)সহ বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি