মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার মুছেগুল গ্রামে বসতঘরে একা পেয়ে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে আব্দুল মালেককে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোববার (১২ জুলাই) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার পানিধার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মালেক মুছেগুল গ্রামের আব্দুন নুরের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মা সৌদি আরব প্রবাসী। তিনি বিদেশ থেকে মালেকের কাছে সংসারের খরচ ও বাজারের টাকা পাঠাতেন। এই সুযোগে মালেক প্রায়ই তাদের ঘরে যাতায়াত করতেন। গত ৩ এপ্রিল রাতে কিশোরীর সৎভাই ঘরে না থাকার সুযোগে মালেক তাকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন এবং ভয়ভীতি দেখান। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই রাতে আবারও ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করা হলে ভুক্তভোগী বিষয়টি স্বজনদের জানায়। পরে বৃহস্পতিবার রাতে কিশোরীর ভাই চান মিয়া বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি