গরু বোঝাই লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত
ছবি: জাতীয় অর্থনীতি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই অবৈধ যান লাটাহাম্বার উল্টে উজ্জ্বল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ১১ জন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেণ।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রাইপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত উজ্জ্বল হলেন— মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

আহত অন্য ব্যবসায়ীরা হলেন— মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার আলিমুদ্দীনের ছেলে রহিদুল (৫৫), ফেলামিরের ছেলে রাজা (৬০), চকশ্যামনগরের আব্বাছ আলীর ছেলে ওসমান (৪৪), ইসমাইলের ছেলে ইসরাফিল (৫৫), ইজারুলের ছেলে কবির (৪২), মুজিবনগর উপজেলার মোনাখালির জহুর মন্ডলের ছেলে সাবদার আলী (৬০), দুলাল উদ্দীনের ছেলে ইসমাইল (৪৪), যাদবপুর গ্রামের আলীমুদ্দীনের ছেলে নাজমুল (২৫), রাধাকান্তপুরের লিটন (৩২), মোনাখালির রফিকুল (৫০) এবং আলাল উদ্দীন (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে— মেহেরপুর থেকে গরু বোঝাই করে লাটাহাম্বারটি গাংনীর রায়পুর বাজার হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পশু হাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রায়পুর বাজারে একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাটাহাম্বারটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ব্যবসায়ী উজ্জ্বল নিহত হন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার শিকার আহত ১১ জনকে হাসপাতালে আনা হলে তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসা প্রদান করা হয় এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাইকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

ওসি জানান— রাইপুর নামক স্থানে গরু বোঝাই লাটাহাম্বার দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যান ও গরুগুলো উদ্ধার করা হয়েছে এবং এই বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি