জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে চারজন ছেলে ও একজন মেয়ে রয়েছেন এবং তারা সবাই উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।
দসোমবার (৬ জুলাই) উপজেলার পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায় এবং একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করায় মোট পাঁচ পরীক্ষার্থীকে বিধিমালা অনুযায়ী বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র জানান, ইউএনওর নির্দেশে পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের রোল নম্বরগুলো হলো যথাক্রমে ৪৩৭৮৩২, ৪৩৭৮৬৪, ৪৩৭৯২৭, ৪৩৭৮৩৯, ২১৪১৭৬। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে এই তদারকি অব্যাহত থাকবে।
—জা. অর্থনীতি/এলএটি