জাতীয় অর্থনীতি সারাবাংলা: জামালপুরের বকশীগঞ্জে শান্তি পরিবহনের একটি দ্রুতগামী বাসের চাপায় ফরিদা বেগম (৪০) ও উফেজা বেগম (৬৫) নামের বউ-শাশুড়ি নিহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম উপজেলার জানকিপুর ঠাকুরপাড়া এলাকার নূর ইসলামের স্ত্রী এবং উফেজা বেগম একই এলাকার মৃত মকছেদ আলীর স্ত্রী। সম্পর্কে তারা পুত্রবধূ ও শাশুড়ি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী শান্তি পরিবহনের একটি বাস নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে পথচারী ওই দুই নারীকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও হাইওয়ে পুলিশ বাসটির হেলপারকে আটক করেছে।
ঘটনার বিষয়ে জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ এ ঘটনায় বাসটির এক হেলপারকে আটক করেছে। নিহতের স্বজনদের অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি