আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। শোক ও বিদায় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দেশটির পবিত্র মাশহাদ শহরের ইমাম রেজার মাজার থেকে আনা একটি প্রতীকী লাল পতাকা তার কফিনের ওপর স্থাপন করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের শুরুতে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) দিন ধার্য করা হয়েছে। ওই দিন ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
শিয়া ইসলামি ঐতিহ্যে ইমাম রেজার মাজারের লাল পতাকাটি সাধারণত অন্যায়, অবিচার এবং শহীদি মৃত্যুর বিরুদ্ধে প্রতিশোধ ও শোকের প্রতীক হিসেবে গণ্য করা হয়। খামেনির কফিনে এই পতাকা জড়ানোর মাধ্যমে তার মৃত্যুর পর ইরান রাষ্ট্রের সর্বোচ্চ শোক ও কঠোর প্রতিজ্ঞার বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খামেনির মৃত্যুতে ইরান জুড়ে বর্তমানে রাষ্ট্রীয় শোক চলছে। আগামী ৯ জুলাইয়ের দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে মাশহাদ শহরে লাখো মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই