পাবনা প্রতিনিধি: পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবার এবং গুরুতর আহত ৩ জনসহ মোট ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সর্বমোট ৯৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে সরকারের এ ধরনের আর্থিক সহায়তা ও কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
—জা. অর্থনীতি/এলএটি