শিক্ষা ডেস্ক: সারাদেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও মাদ্রাসা ও কারিগরি বোর্ডে পরীক্ষা নেওয়া হচ্ছে পৃথক প্রশ্নপত্রে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে এবার কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও ডিজিটাল নজরদারির ব্যবস্থা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে সাধারণ বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা চলছে।
পরীক্ষা চলাকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা ও নকল রোধে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে সরাসরি দেশের বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বজায় রাখতে এবারই প্রথম কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৩৯টি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার মোট ৭৭টি বিষয়ে ২১ দিন ধরে পরীক্ষা চলবে। সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট। কারিগরি বোর্ডের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে। লিখিত পরীক্ষা শেষে আগামী ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জা.অর্থনীতি/এসআই