স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে নতুন করে ১৫৪ জনের হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১ জুলাই সকাল ৮টা থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ে ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৫৪ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। তবে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ৯৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৭৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৯৯৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ২৮৬ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। একই সময়ে মোট ৮৬ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ সময় সন্দেহজনক হামে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।
—জা.অর্থনীতি/এনজে