জাতীয় অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষণ ও মান নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়াতে প্রায় ৮৫০ কোটি টাকা ব্যয়ে ১৩ তলা ভবন নির্মাণ এবং সেখানে ৬৩টি নতুন পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে বিএসটিআই আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইয়ের কার্যক্রমের পরিধি বাড়াতে প্রতিষ্ঠানটির জনবল বৃদ্ধি করা হবে, যাতে সারা দেশের মানুষ এর সেবা পেতে পারেন। এ লক্ষ্যে নতুন করে ১০টি জেলায় পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে মেট্রোলজি সক্ষমতা বাড়ানোর জন্য আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'আমরা বিএসটিআইকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে চাই, যাতে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠানটির স্বীকৃতি থাকে।'
মন্ত্রী বলেন, পণ্যের মান নিশ্চিত করা শুধু ব্যবসা-বাণিজ্যের বিষয় নয়, এটি জননিরাপত্তা ও ভোক্তার আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মানুষ যে খাদ্যপণ্য গ্রহণ করে, জ্বালানি কেনে কিংবা যেসব নির্মাণসামগ্রী দিয়ে ভবন তৈরি হয়, সেগুলোর মান সম্পর্কে নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
খাদ্যপণ্যের বিশুদ্ধতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, খাদ্যসংশ্লিষ্ট খাতগুলোতে মান নিয়ন্ত্রণ জোরদার করা হবে। পাশাপাশি পেট্রোল পাম্পে সঠিক পরিমাণে জ্বালানি সরবরাহ, এলপিজির পরিমাণ এবং নির্মাণসামগ্রীর মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
—জা.অর্থনীতি/আরএস