জাপান ম্যাচের পর বাংলাদেশকে বিশেষ বার্তা দিলেন আলিসন বেকার
সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না দল হিসেবে। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নজর কেড়েছে। দুই দলের প্রতিটি ম্যাচের পর বাংলাদেশি সমর্থকদের উদ্‌যাপনের দৃশ্য বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ভিডিও ও ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশের এই আর্জেন্টিনা ও ব্রাজিলপ্রীতির কথা পৌঁছে গেছে দুই দলের খেলোয়াড়দের কাছেও। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশি সমর্থকদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। এবার জাপানের বিপক্ষে ম্যাচ শেষে একই ধরনের বার্তা দিয়েছেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার।

গত রাতে শেষ ৩২-এর ম্যাচে নাটকীয় লড়াই শেষে ২-১ গোলের জয় তুলে নেয় ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে করা গোলে নিশ্চিত হয় তাদের জয়। এই জয়ের আনন্দে বাংলাদেশের ব্রাজিল-সমর্থকেরাও উচ্ছ্বাসে মেতে ওঠেন। এমন মুহূর্তে আলিসনের বার্তা বাংলাদেশের ব্রাজিলভক্তদের আরও অনুপ্রাণিত করবে বলেই মনে করা হচ্ছে।

টি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় আলিসন বলেন, “বাংলাদেশকে ধন্যবাদ আমাদের সমর্থন করার জন্য। আমি আপনাদের অনেক ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”

জাপানের বিপক্ষে ম্যাচে প্রথমে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পরে কাসেমিরোর গোলে সমতায় ফেরে দলটি। ম্যাচ শেষে মিক্সড জোনে তিনিও বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি সেখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশের মানুষ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইলো।”

শেষ ষোলো নিশ্চিত করা ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে, আর্জেন্টিনা শেষ ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে কেপ ভার্দের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই।