ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
ছবি: জাতীয় অর্থনীতি

বাগেরহাট প্রতিনিধি: তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাগেরহাটে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) বাগেরহাট শহরের বাগেরহাট আইটি টেকনিক্যাল ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাষ্ট্র প্রবাসী ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মো. রফিকুল ইসলাম জগলু।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. ফরিদুল ইসলাম বাবলু বলেন, "বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। তরুণ-তরুণীরা যদি ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হয়ে ওঠে, তবে তারা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও একটি মানবিক দায়িত্ব।"

আয়োজকরা জানান, এই কোর্সের অধীনে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বাগেরহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, আইটি উদ্যোক্তা বায়েজিদ হাসান প্রান্তসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও প্রযুক্তি খাতের ব্যক্তিবর্গ। প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এমন জনকল্যাণমূলক সেবা সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।

—জা. অর্থনীতি/এলএটি