আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে কাকার বাড়ি থেকে সোনার গয়না চুরি করে বিক্রির টাকায় বিলাসবহুল গাড়ি কেনার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। নতুন গাড়ি কেনার পর বাড়িতে পূজার আয়োজন করে কাকাকে দাওয়াত দেওয়ার ঘটনাটি সামনে আসার পর চুরির বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযুক্ত তরুণের নাম সমর চহ্বাণ। তিনি মহারাষ্ট্রের কোলহাপুর জেলার সাতওয়ে গ্রামের বাসিন্দা। তার কাকা উমেশ মারুতি চহ্বাণের বাড়ি তাদের বাড়ির ঠিক উল্টো দিকে।
অভিযোগ অনুযায়ী, প্রায় এক মাস আগে কাকার বাড়ি থেকে ১৫ তোলা বা প্রায় ১৭৪.৯৬ গ্রাম সোনার গয়না চুরি করেন সমর। পরে স্থানীয় স্বর্ণকার সংগ্রাম বাবাসো মোরের সহায়তায় গয়নাগুলো ১০ লাখ টাকায় বিক্রি করেন তিনি। ওই টাকা দিয়ে একটি নতুন মহীন্দ্রা থার গাড়ি কেনেন সমর।
নতুন গাড়ি বাড়িতে আনার পর পূজার আয়োজন করেন তিনি। অনুষ্ঠানে কাকা উমেশকেও আমন্ত্রণ জানান। পূজার জন্য সিন্দুক খুলে গয়না বের করতে গিয়ে উমেশ দেখতে পান, তার ও স্ত্রীর বেশ কয়েকটি গয়না নেই। তবে তার ঠাকুমার গয়নাগুলো যথাস্থানেই ছিল। এতে পরিবারের কারও ওপর সন্দেহ হয় তার।
এরপর শুক্রবার কোদোলি থানায় চুরির অভিযোগ করেন উমেশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সমর সম্প্রতি একটি নতুন গাড়ি কিনেছেন। গাড়ি কেনার অর্থের উৎস জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমর ও স্বর্ণকার সংগ্রাম বাবাসো মোরেকে গ্রেপ্তার করা হয়।
জা.অর্থনীতি/এসআই