স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবল নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনার মাঝেই এক অশুভ সঙ্কেত দিলেন জার্মান অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তার দাবি, হেক্সা জয়ের মিশনে নামা ব্রাজিল এবার দ্বিতীয় রাউন্ডেই জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে।
ক্লেমেন্টের গাণিতিক মডেল অনুযায়ী, আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। গ্রুপ ‘সি’-এর শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠা সেলেসাওরা এই ম্যাচে হাজিমে মোরিয়াসুর শিষ্যদের কাছে পরাজিত হবে, যার ফলে প্রত্যাশার অনেক আগেই শেষ হয়ে যাবে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা।
জোয়াকিম ক্লেমেন্ট তার পূর্বাভাসের জন্য একটি বিশেষ গাণিতিক মডেল ব্যবহার করেন। এখানে কেবল ফুটবলীয় পরিসংখ্যানই নয়, বরং মাথাপিছু জিডিপি, জনসংখ্যার আকার এবং তাপমাত্রার মতো অপ্রচলিত বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়। ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে বলার দাবি করা এই গবেষক এবার শিরোপার লড়াইয়ে নেদারল্যান্ডসকে এগিয়ে রেখেছেন।
যদিও ক্লেমেন্টের পূর্বাভাস নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে, তবে তার সব হিসাব যে মিলছে তা নয়। এবারের আসরেও দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার কথা বলেছিলেন তিনি, যা গ্রুপ পর্বের ফলাফল শেষে আর সম্ভব নয়। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনাকে নিয়ে করা তার পূর্বাভাসও বাস্তবতার মুখ দেখেনি। তবে এখন পর্যন্ত তার মিলে যাওয়া সম্ভাব্য সমীকরণগুলোর মধ্যে অন্যতম হলো এই ব্রাজিল-জাপান লড়াই।
ব্রাজিল ভক্তদের জন্য এই ভবিষ্যদ্বাণী দুশ্চিন্তার কারণ হলেও, মাঠের লড়াইয়ে শেষ পর্যন্ত কী ঘটে তা দেখতে ২৯ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
—জা. অর্থনীতি/এআইই