জাতীয় পর্যায়ে প্রাথমিকে চ্যাম্পিয়ন সাঁথিয়ার স্কুলকে সংবর্ধনা
ছবি: জাতীয় অর্থনীতি

পাবনা প্রতিনিধি: জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা চ্যাম্পিয়ন দলের এই গৌরবময় সাফল্যকে পুরো দেশের জন্য অনবদ্য এক অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা হলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে তাবাসসুম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এবং অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জাতীয় চ্যাম্পিয়ন দলের ক্ষুদে খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সাফল্য শুধু সাঁথিয়া বা পাবনার নয়, এটি সমগ্র দেশের জন্য গর্বের। ক্ষুদে শিক্ষার্থীদের এমন অর্জন অন্যদের অনুপ্রাণিত করবে।” তিনি ভবিষ্যতেও শিশুদের প্রতিভা বিকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোমাঞ্চকর সেই ফাইনালে প্রতিপক্ষকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার অনন্য গৌরব অর্জন করে এই ক্ষুদে বালিকারা।

—জা. অর্থনীতি/এলএটি