বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ মাসের মধ্যে সর্বনিম্নে
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেলবাহী ট্যাংকার চলাচল স্বাভাবিক হওয়ার সুস্পষ্ট লক্ষণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। 

পারস্য উপসাগরে আটকে থাকা বহু তেলের জাহাজ এই নৌপথ দিয়ে বের হতে শুরু করায় বাজারে সরবরাহ সংকট কাটার ইঙ্গিত মিলছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির মূল্য ৪ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি অবস্থান করছে।

বুধবার (২৪ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে এসেছে। 

এ সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭২ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসেও এই দুটি প্রধান সূচকের দাম প্রায় ১ শতাংশ কমে গিয়েছিল, যা গত মার্চ মাসের শুরুর পর থেকে তেলের সর্বনিম্ন বাজার দর।

চলতি সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রাথমিক শান্তি আলোচনার পর ইরানকে ৬০ দিনের জন্য তেল বিক্রির বিশেষ শুল্ক বা নিষেধাজ্ঞা মওকুফ সুবিধা দেওয়ায় এবং লেবাননে যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়ায় তেলের বাজার এই চাপের মুখে পড়েছে। 

মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের প্রধান অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা জানান, আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনের আশা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থা পুনরায় সচল হওয়ার কারণে অপরিশোধিত তেলের দাম কমেছে। সূত্র: রয়টার্স

—জা. অর্থনীতি/এনজে