জামালপুর প্রতিনিধি: ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে জামালপুর সীমান্তে কঠোর নজরদারি এবং বাড়তি সতর্কতা জারি করেছে জামালপুর ৩৫ বিজিবি। ব্যাটালিয়নের আওতাধীন ১৫টি বিওপি এলাকার ৭২ কিলোমিটার সীমান্তে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, যেকোনো ধরনের অপতৎপরতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত সীমান্ত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মাইকিং করে স্থানীয়দের শূন্য রেখায় (জিরো লাইন) প্রবেশ না করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত জামালপুর সীমান্ত দিয়ে পুশইনের কোনো ঘটনা ঘটেনি।
ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, "জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিয়ে সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
—জা. অর্থনীতি/এলএটি